
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের এই আমন্ত্রণ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল জানান, গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের নিয়ম অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ হওয়ায় সেই সূত্রে ভারতের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়।
এদিকে, প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় দূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রিকসে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে বিমসটেকের চেয়ারপারসনকে। এই পার্থক্যটা বোঝবার চেষ্টা করতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দিন প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন, যেখানে তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণপত্রটি সরকার যাচাই-বাছাই করে দেখছে।
আপনার মতামত লিখুন :