Facebook Twitter Instagram YouTube

দেশে বাড়ছে স্ক্যাবিসের প্রাদুর্ভাব: প্রতিরোধে জরুরি পদক্ষেপের পরামর্শ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ / ০
দেশে বাড়ছে স্ক্যাবিসের প্রাদুর্ভাব: প্রতিরোধে জরুরি পদক্ষেপের পরামর্শ

দেশে স্ক্যাবিস বা খোস-পাঁচড়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি বর্তমানে এই রোগকে একটি জাতীয় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে সিলেট, কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম এবং রাজশাহী উল্লেখযোগ্য। বিশেষ করে আবাসিক হোস্টেল ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আক্রান্তের হার ৪০ শতাংশ পর্যন্ত লক্ষ্য করা গেছে। সিলেট অঞ্চলে গত আড়াই মাসে ১৫ হাজারের বেশি রোগী এই রোগের জন্য চিকিৎসা নিয়েছেন এবং রোহিঙ্গা ক্যাম্পেও এ নিয়ে সমন্বিত চিকিৎসা কর্মসূচি পরিচালনা করতে হয়েছে।

Sarcoptes scabiei নামক এক ধরনের অতি ক্ষুদ্র পরজীবী এই রোগের মূল কারণ। এই পরজীবী ত্বকের নিচে সুড়ঙ্গ তৈরি করে ডিম পাড়ে, যার ফলে শরীরে তীব্র চুলকানি অনুভূত হয়। সংক্রমণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ঘনবসতি ও শারীরিক সংস্পর্শ, যেখানে একাধিক ব্যক্তি একই বিছানা, তোয়ালে বা পোশাক ব্যবহার করেন। এছাড়া ভুল ও অসম্পূর্ণ চিকিৎসা, বিশেষ করে স্টেরয়েড মিশ্রিত মলমের (যেমন- Betnovate বা Dermovate) অবাধ ব্যবহার রোগটিকে আরও বাড়িয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে পরিবারের একজন আক্রান্ত হলেও বাকিরা চিকিৎসা নেন না, ফলে সংক্রমণের চক্র চলতেই থাকে। অনেকে একে সাধারণ অ্যালার্জি ভেবে দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হন, যা পরিস্থিতি জটিল করে তোলে।

রাতে তীব্র চুলকানি এই রোগের প্রধান লক্ষণ। এছাড়া আঙুলের ফাঁকে, কব্জিতে, বগলে, কোমরে, নাভির চারপাশে ও যৌনাঙ্গের আশেপাশে ছোট লাল দানা বা পানিযুক্ত ফুসকুড়ি দেখা যায়। শিশুদের ক্ষেত্রে মাথা ও পায়ের তলাতেও এমন লক্ষণ প্রকাশ পেতে পারে। অবহেলিত সংক্রমণের কারণে পরবর্তী সময়ে ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ, পুঁজযুক্ত ঘা এবং দীর্ঘমেয়াদে কিডনির প্রদাহের ঝুঁকি থাকে।

প্রতিরোধে পরিবারের সকল সদস্যকে লক্ষণ থাকুক বা না থাকুক, একই দিনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। প্রমাণিত চিকিৎসা হিসেবে ৫% পারমেথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত সঠিক নিয়মে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে এক সপ্তাহ পর দ্বিতীয়বার এটি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া বেনজাইল বেনজোয়েট লোশন বা চিকিৎসকের পরামর্শে মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করা যেতে পারে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার অংশ হিসেবে গত তিন দিনে ব্যবহৃত কাপড়, বিছানার চাদর ও তোয়ালে ৬০ ডিগ্রির বেশি গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকিয়ে ইস্ত্রি করা জরুরি। যা ধোয়া সম্ভব নয়, তা ৪ দিন পলিথিন ব্যাগে বেঁধে রাখলে পরজীবী মারা যায়। নিয়মিত গোসল করা, নখ ছোট রাখা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী ভাগাভাগি না করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধ ব্যবহারের পর ২-৩ সপ্তাহ পর্যন্ত চুলকানি থাকতে পারে, যা স্বাভাবিক; তবে পুঁজ, জ্বর বা প্রস্রাব কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডাঃ অমৃত লাল হালদার, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক, বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, সেগুনবাগিচা, ঢাকা (ফোন: ০১৬৩৬৬৯২২৯৮) জানান, কেবল ব্যক্তিগত উদ্যোগে এই মহামারী নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য স্কুল, মাদ্রাসা ও আবাসিক হোস্টেলে স্ক্রিনিং, ফার্মেসিতে স্টেরয়েড মলম বিক্রি নিয়ন্ত্রণ এবং উপজেলা পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে অল্প সময়ে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh