
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে রাকিব খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপসা নৌ পুলিশ। গতকাল রাতে গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব খান খুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা মৃত বাকের হোসেনের ছেলে। তার মায়ের নাম রোকসানা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে রূপসা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের মা রোকসানা বেগম ও খালু এনামুল হক মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।
নিহতের মা পুলিশকে জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর থেকে রাকিব নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার সন্ধান করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। সাত দিন পর কাজীবাছা নদী থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :