Facebook Twitter Instagram YouTube

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ /
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম। দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পুরো ভর্তি কার্যক্রমের নেতৃত্ব ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ পরবর্তী সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, আবেদনের নিয়মাবলি, আসনসংখ্যা, পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এবং সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিত পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে থাকেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor