
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ০৯
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ বিধিমালায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এই প্রস্তাবের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর ক্যাম্পাস ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কসহ ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা。
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের কণ্ঠে নানা স্লোগান শোনা যায়। তারা ‘ভাইভা কোটার ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘তদবিরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভাইভা মার্কের খবর দে’ এবং ‘মেধাবীদের কান্না, আর না আর না’ স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে নিয়োগ প্রক্রিয়ায় তদবির, স্বজনপ্রীতি ও বড় ধরনের অনিয়মের সুযোগ তৈরি হবে। এর ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হবেন এবং প্রভাবশালী ব্যক্তিরা অনৈতিক সুবিধা পাবেন। তারা বলেন, সরকারি চাকরিতে প্রার্থীদের মেধা ও যোগ্যতা সঠিকভাবে মূল্যায়নের সবচেয়ে বড় মাধ্যম হলো লিখিত পরীক্ষা। সেখানে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে পুরো নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়বে। তাই লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখার জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, সম্প্রতি ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরি নিয়োগ বিধিমালা পরিবর্তনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এই পরিবর্তনের বিষয়ে গত মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এই যুক্তি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা প্রস্তাবিত পরিবর্তনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এবং নিয়োগ পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।
আপনার মতামত লিখুন :