Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারে ২,৮৮৭ শিক্ষার্থীর শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ / ০
কক্সবাজারে ২,৮৮৭ শিক্ষার্থীর শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

কক্সবাজারের বিভিন্ন উপজেলায় আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’য় ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার ৬টি কেন্দ্রভিত্তিক ভেন্যুতে একযোগে দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা পরিচালিত হয়। মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন এই মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার নির্ধারিত ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়েছিল। কেন্দ্রগুলোর মধ্যে চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এছাড়া ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজারের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ মেধা বৃত্তির সুযোগ রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় বিগত ২৫ বছর ধরে নিয়মিতভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh