
শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা সেখান থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব এবং একটি মোবাইল ফোন নিয়ে গেছে। শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় অবস্থিত ভাড়া করা ভবনে এই চুরির ঘটনাটি নজরে আসে।
কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস তালাবদ্ধ করে চলে যান। এরপর শনিবার সন্ধ্যায় অফিসের জরুরি কাজে সেখানে গিয়ে অফিস সহকারী বোরহান হাওলাদার দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন জানান, কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে চোরেরা প্রবেশ করেছিল। ল্যাপটপ, ট্যাব ও মোবাইল ফোন খোয়া গেলেও অফিসের কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা হয়নি। কর্তৃপক্ষের ধারণা, অফিস দুই দিন বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা এই ঘটনা ঘটিয়েছে।
ঘটনার বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানিয়েছেন, পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :