
বলিউড ইন্ডাস্ট্রিতে নারীদের কাজের পরিবেশ এবং কাস্টিং কাউচ নিয়ে চলমান দীর্ঘদিনের আলোচনা ও সমালোচনার পরিপ্রেক্ষিতে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে, বর্তমান সময়ের পরিস্থিতি আগের তুলনায় কিছুটা পরিবর্তিত হয়েছে।
শ্রেয়া ঘোষাল স্পষ্ট করেছেন যে, তিনি ব্যক্তিগতভাবে কাস্টিং কাউচ বা এ ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হননি। তবে তিনি ইন্ডাস্ট্রিতে যে এই ধরনের সমস্যা বিদ্যমান, তা অস্বীকার করেননি। তিনি বলেন, 'এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও একটা সময় ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য পথটা অনেক বেশি কঠিন ছিল। বিশেষ করে সামাজিক মাধ্যম না থাকায় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেও সেটি বাইরে আসত না।'
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, মাত্র ১৩ বছর বয়সে তার পথচলা শুরু হয়েছিল। সেই সময় কাজের জায়গায় বাবা-মা তার সঙ্গে থাকতেন, যা তার জন্য একটি বড় সুরক্ষার জায়গা হিসেবে কাজ করেছে। এ কারণে কেউ তার সঙ্গে কোনো ধরনের অনুচিত আচরণ করার সাহস পেতেন না। তবে নিজের এই অভিজ্ঞতা দিয়ে পুরো ইন্ডাস্ট্রির পরিস্থিতি বিচার করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
কাস্টিং কাউচ ছাড়াও ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ শিল্পীদের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে কথা বলেন শ্রেয়া। তিনি জানান, বিষয়টিকে সবসময় লিঙ্গের ভিত্তিতে বিচার করা সঠিক নয়। ক্যারিয়ারের শুরুতে পুরুষ শিল্পীদেরও পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করতে হয়। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে বহু গান তিনি বিনা পারিশ্রমিকেই গেয়েছেন বলে জানান এই সংগীতশিল্পী।
আপনার মতামত লিখুন :