
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি ফকিরা মসজিদ’, যার মালিক কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছার।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন জানান, ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। সোমবার রাত ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রলারের ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দীন নামে এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ ও তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :