
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই স্ত্রী মনিকা রাইটের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। এই বিচ্ছেদের পেছনে সতীর্থের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে।
২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হয় ২৯ বছর বয়সী গার্ডনার ও মনিকার। দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ২২ বছর বয়সী জর্জিয়া নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান গার্ডনার।
সেই সময় মনিকার মনে সন্দেহ দানা বাঁধলে তিনি বিশ্বকাপের মাঝপথেই ভারতে চলে আসেন। মনিকার উপস্থিতিতে গার্ডনার বিরক্ত হন বলে জানা গেছে। পরবর্তীতে দেশে ফিরে দুজনে কথা বললে গার্ডনার সব স্বীকার করেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়া মনিকা তাতে রাজি হননি এবং এরপর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।
মনিকার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, দম্পতিটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং এ লক্ষ্যে ক্লিনিকেও গিয়েছিলেন। তবে ঘটনার পর মনিকা সেই পরিকল্পনা বাতিল করেন। মনিকার অনুপস্থিতিতে গার্ডনার সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান, তবে বিয়ের আংটিটি রেখে এসেছিলেন যা পরে মনিকা দেখতে পান। বর্তমানে তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন।
গত কয়েক মাস ধরে আলাদা থাকলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। মনিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেইলি মেইলের একটি রিপোর্টের স্ক্রিনশট ও জর্জিয়ার ছবি পোস্ট করে লিখেছেন, “এই সেই মহিলা যার জন্য আমাকে অ্যাশলি ঠকিয়েছে।” জানা গেছে, অস্ট্রেলিয়া দলের সতীর্থরা আগে থেকেই তাদের সম্পর্কের এই জটিলতা সম্পর্কে অবগত ছিলেন।
আপনার মতামত লিখুন :