Facebook Twitter Instagram YouTube

৭০ অনুচ্ছেদ সংস্কার হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতে পারতেন: জামায়াত


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ /
৭০ অনুচ্ছেদ সংস্কার হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতে পারতেন: জামায়াত

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হলে ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ। সোমবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় তাদের কাছে মূল বিষয় নয়। বরং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে নিয়ে আসাই তাদের লক্ষ্য। তার দাবি, গণভোটের রায় বাস্তবায়ন হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা যেত। এতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন এবং অলি আহমদের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হতো।

তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এবার সেই সম্ভাবনা না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে চায় ১১ দলীয় ঐক্য। অলি আহমদকে বর্ষীয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে। হামিদুর রহমান আযাদ জানান, অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম ১৩ আগস্ট সকাল ১১টায় দাখিল করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin