Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ /
রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের সমালোচনা করার অধিকার সবারই রয়েছে এবং সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগও আছে। সরকারের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করলেও তা নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য সরকার কাজ করছে এবং এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আইনটি আরও কার্যকর করার প্রক্রিয়া চলছে। এই আইন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং দেশ ও জনগণের সুরক্ষার জন্যই তা করা হচ্ছে। বিগত ফ্যাসিবাদের সময় নিজেও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, তাকেও অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। তিনি আরও জানান, নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন তৈরির কাজ চলছে। তবে কেবল আইন দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি নৈতিক শিক্ষা এবং নৈতিক অবক্ষয়রোধে তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, জেনেশুনে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে লাইক বা কমেন্ট করলে তা আইনের আওতায় আসবে।

তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে, যাতে ছেলে-মেয়েরা খেলাধুলার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, অপতথ্য ও গুজবের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা ছাড়া এসব প্রতিরোধ করা সম্ভব নয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, অপপ্রচারের বিস্তার প্রতিরোধ করা বর্তমান সময়ের দাবি। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh