
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজ কোনো বৈঠক ছিল না। যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, তাই তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন, সেখানে কোনো বৈঠক হয়নি।
এদিন বিএনপির পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনার বিষয়ে বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দলীয় চেয়ারম্যান আগেই রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি সেই সিদ্ধান্তই ঘোষণা করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই কথা পুনর্ব্যক্ত করে জানান, এটি স্থায়ী কমিটির বৈঠক ছিল না, বরং সদস্যরা আগেই দলীয় চেয়ারম্যানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছিলেন।
এদিকে বিএনপির পরবর্তী মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব কে পাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটার জন্য অপেক্ষা করেন, পরে শুনবেন। বিএনপি নেতারা জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে নির্বাচিত করার লক্ষ্য রয়েছে তাদের। নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :