
ভারতের তরুণ ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশীর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সাবেক তারকা স্পিনার হরভজন সিং। এত কম বয়সে বৈভবের এমন নির্ভীক ও দাপুটে ব্যাটিং তিনি আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হরভজন বলেন, মাত্র ১৪-১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটকে শাসন করছে, এমন প্রতিভাবান খেলোয়াড় তাঁর চোখে আর পড়েনি।
গত এক বছরে ব্যাট হাতে বৈভব সূর্যবংশী ক্রিকেট দুনিয়ায় দারুণ আলোড়ন সৃষ্টি করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের জার্সিতে দুর্দান্ত খেলার পর জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় জাতীয় দলের হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন এই তরুণ। আইপিএলে জাসপ্রীত বুমরাহ, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো বিশ্বসেরা বোলারদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছেন বৈভব।
এমন একজন আক্রমণাত্মক ব্যাটারকে বল করার কৌশল কী হতে পারে—সাক্ষাৎকারে হরভজন সিংকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, বৈভবকে থামানোর একমাত্র উপায় হলো আক্রমণাত্মক বোলিং করা। ভাজ্জির মতে, রক্ষণাত্মক হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে তা কাজে আসবে না। তিনি বলেন, বৈভবের ব্যাটিং দেখে তিনি ফিল্ডিং সাজাবেন না, বরং নিজের পূর্বপরিকল্পনা অনুযায়ীই এগোবেন। হয়তো বৈভব দু-একটি বলে ছক্কা মারবে, কিন্তু বোলারকে একই আক্রমণাত্মক পরিকল্পনা ধরে রাখতে হবে।
হরভজন আরও যোগ করেন, বৈভবের মতো অসাধারণ ক্রিকেটার সত্যিই বিরল। বিশ্বের সেরা বোলাররা এখন তাকে কোথায় বল করবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য বৈভব বড় এক অনুপ্রেরণা হবেন বলে বিশ্বাস করেন তিনি।
শুধু হরভজন সিং নন, অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেনও বৈভবের প্রতিভায় মুগ্ধ। হেইডেনের মতে, সূর্যবংশীকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটেও সফল হওয়ার মতো সব ধরনের সামর্থ্য ও উপাদান এই তরুণের মধ্যে রয়েছে।
আপনার মতামত লিখুন :