Facebook Twitter Instagram YouTube

আব্রাহাম লিংকনের বদলি হিসেবে মধ্যপ্রাচ্যে যাচ্ছে জর্জ ওয়াশিংটন


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ /
আব্রাহাম লিংকনের বদলি হিসেবে মধ্যপ্রাচ্যে যাচ্ছে জর্জ ওয়াশিংটন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন সমুদ্রে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের বিকল্প হিসেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। বার্তাসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং খাদ্য, স্বাস্থ্যসামগ্রী ও ডাক সরবরাহে ঘাটতির খবর প্রকাশের পর নৌবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর ত্যাগ করে। একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারের সমন্বয়ে গঠিত রণতরীটিকে সিঙ্গাপুর প্রণালি অতিক্রম করতে দেখা গেছে এবং বর্তমানে এটি মালাক্কা প্রণালি হয়ে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে থাকা দুটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি হিসেবে লিংকনের স্থলাভিষিক্ত হবে। এর ফলে অনির্দিষ্টকালের জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো মার্কিন বিমানবাহী রণতরী থাকবে না।

গত ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে যাত্রা শুরু করা আব্রাহাম লিংকন জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শুরুর পর থেকে এটি টানা ২৬০ দিনের বেশি সমুদ্রে রয়েছে, যা মার্কিন নৌবাহিনীর জন্য একটি রেকর্ড। দীর্ঘ মোতায়েনের কারণে নৌবাহিনীর প্রচলিত সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নাবিকদের খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী পৌঁছাতে সমস্যা হয়েছে। যদিও নৌবাহিনী দাবি করেছে, বর্তমানে জাহাজে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

লিংকনের নাবিকদের পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তদন্তের দাবি জানিয়েছেন। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল নৌবাহিনীর নেতৃত্বের কাছে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন। অ্যারিজোনার সিনেটর ও সাবেক মেরিন রুবেন গ্যালেগো নাবিকদের প্রতি আচরণকে উদ্বেগজনক ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন এবং রণতরীটি পরিদর্শনের উদ্যোগ নিচ্ছেন। তবে পেন্টাগন এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, কিছু প্রতিবেদন ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং নাবিকদের দেশে ফেরাতে ক্রু পরিবর্তনের চেষ্টা চলছে।

মানসিক স্বাস্থ্যের বিষয়ে নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে আত্মহত্যার প্রবণতা বাড়েনি, তবে অপারেশনাল গোপনীয়তার কারণে তারা কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। আগস্টের শুরুতে এক নাবিক সমুদ্রে পড়ে গেলেও তাকে দ্রুত উদ্ধার করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের ভাষ্যমতে, ২৬০ দিনে লিংকন ১০ হাজারেরও বেশি বিমান উড্ডয়ন পরিচালনা করেছে এবং প্রায় ১৫ লাখ পাউন্ড গোলাবারুদ ব্যবহার করেছে।

ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের তীব্রতা কমলেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধ আরোপ করা হয়েছে, যা অনির্দিষ্টকাল চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন হেগসেথ। জর্জ ওয়াশিংটনের এই যাত্রা ইরান যুদ্ধকে ঘিরে মার্কিন নৌবাহিনীর দীর্ঘমেয়াদি মোতায়েনেরই ইঙ্গিত দিচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy