
যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় বার্নহ্যামের প্রতি এই শুভেচ্ছা জানান।
চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, এই বিজয় যুক্তরাজ্যের জনগণ ও লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থারই বহিঃপ্রকাশ। তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তারেক রহমান আশা প্রকাশ করেন যে, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। সেই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যাশা করেন।
বার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং দুই দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তার সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও প্রধানমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালনের শুভকামনা করেন। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :