
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। এইচ বিনোথ পরিচালিত এই সিনেমাটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রায় সাত মাস বিলম্বের পর মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রধান কারণ হলো, রাজনীতিতে পূর্ণকালীনভাবে যোগ দেওয়ার আগে এটি বিজয়ের শেষ সিনেমা হিসেবে প্রচার করা হচ্ছে।
ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি ও কেরালাসহ বিভিন্ন শহরে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অধিকাংশ স্থানে তামিল সংস্করণের টিকিটের দাম ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের দাম ১ হাজার রুপিরও বেশি। শহরের সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের মূল্য ২ হাজার ৫০০ রুপি নির্ধারণ করা হয়েছে, যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ টিকিট মূল্য।
এত চড়া দাম সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। ৮০০ থেকে ১ হাজার রুপির প্রিমিয়ার শোগুলোর অধিকাংশ টিকিট বিক্রির শুরুতেই শেষ হয়ে গেছে। এমনকি ভোর ৬টা ৩০ মিনিটের প্রদর্শনীগুলোর অনেকগুলোই এখন ‘হাউসফুল’। তবে তামিলনাড়ুতে সরকারের নির্ধারিত মূল্যসীমা বজায় রাখা হয়েছে, যেখানে চেন্নাইয়ে টিকিটের দাম সর্বোচ্চ ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। তবুও সেখানে দর্শকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। কামালা সিনেমাস কর্তৃপক্ষ জানিয়েছে, বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বুকিং চালুর এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে। কেভিএন প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল ও মমিথা বাইজুসহ আরও অনেকে। চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতার কারণে তা পিছিয়ে যায়।
আপনার মতামত লিখুন :