Facebook Twitter Instagram YouTube

লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংসের আশঙ্কায় ট্রাম্পের মন্তব্যে তোলপাড়


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ণ / ০
লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংসের আশঙ্কায় ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো শহর দুটিকে ইরানের হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন। সোমবার রাতে নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে আয়োজিত ওই সমাবেশে তিনি দাবি করেন, বিশ্ব ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য ইরানের সঙ্গে যুদ্ধের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়া একটি ‘ছোট ব্যাপার’।

বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প বলেন, ‘তারা একটি শহর ধ্বংস করে দিতে পারে। লস অ্যাঞ্জেলেসকে ধ্বংস করতে দিন। সান দিয়েগোকেও ধ্বংস করতে দিন।’ ট্রাম্পের এই মন্তব্যের সময় উপস্থিত সমর্থকেরা করতালি দিলেও, এর পরপরই তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। তিনি অবশ্য পরে দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হয়ে যাবে’।

ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম তাকে ‘বিভ্রান্ত ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিউজম লেখেন, প্রেসিডেন্ট দেশের দুই শহরের ১ কোটির বেশি মানুষের ওপর হামলার পক্ষে কথা বলছেন, যা কোনোভাবেই স্বাভাবিক নয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এই মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একজন প্রেসিডেন্টের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের বিপদে ফেলা নয়। সান দিয়েগোর মেয়র টড গ্লোরিয়াও ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, সান দিয়েগোর বাসিন্দারা কোনোভাবেই বিসর্জনযোগ্য নন এবং শহরটি যুদ্ধের কোনো ‘সহযোগী ক্ষতি’ হতে পারে না। উল্লেখ্য, সান দিয়েগো যুক্তরাষ্ট্রের অষ্টম বৃহত্তম শহর এবং এখানে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো রয়েছে।

ট্রাম্পের এই দীর্ঘ ও এলোমেলো বক্তব্য নিয়ে অনলাইনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, তিনি কি ডেমোক্র্যাট-সমর্থিত শহর দুটি নিয়ে কৌতুক করেছেন, নাকি ইরানের সক্ষমতা সম্পর্কে কোনো গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। অন্যদিকে, কিছু রক্ষণশীল সমর্থক দাবি করেছেন, ট্রাম্প ‘ছোট মূল্য’ বলতে জ্বালানির উচ্চমূল্যকে বুঝিয়েছিলেন, কোনো শহর ধ্বংস করার সক্ষমতাকে নয়। তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, ইরানের মূল ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা নেই। যদিও ট্রাম্প অতীতে বারবার দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র পেলে মার্কিন শহরগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি হবে।

নেব্রাস্কার এই সমাবেশে ট্রাম্পের বক্তব্যের রাজনৈতিক গুরুত্বও রয়েছে। রাজ্যের সিনেট নির্বাচন নিয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগের মাঝে তিনি নিজেকে ‘দারুণ অবস্থায়’ আছেন বলে দাবি করেন। একইসঙ্গে ক্যালিফোর্নিয়ার গভর্নর প্রার্থী স্টিভ হিলটনকে নিয়েও ট্রাম্পের সমর্থকরা সরব। তবে ডেমোক্র্যাটিক গভর্নর প্রার্থী জেভিয়ার বেসেরা ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোর ১ কোটি ৩০ লাখ মানুষের জীবন কোনো কৌতুকের বিষয় নয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh