
কূটনৈতিক আলোচনার সুযোগ দেওয়ার পরও যদি ইরান তা না শোনে, তবে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযানে নামার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
বর্তমানে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং একটি পূর্ণাঙ্গ পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে আলোচনা চলছে। এই কূটনৈতিক প্রক্রিয়ায় কাতার, পাকিস্তান ও মিসর ছাড়াও ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে বেশ গভীর আলোচনায় রয়েছি। যদি এই আলোচনা কোনো কাজে না আসে, তবে আমরা আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপের দিকে ফিরে যাব। কূটনীতিকে তিনি কতটুকু সময় দিতে চান এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব বেশি সময় দেওয়া হবে না। হয় এটি খুব দ্রুত সমাধান হবে, না হয় মোটেও হবে না।
ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে মধ্যস্থতা করা সব মানুষ তাকে হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন, তার বিশ্বাস ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে চায়। আলোচনার সুযোগ দেওয়া প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, এতে কিছু পাওয়ারও নেই, হারানোরও কিছু নেই। তিনি উল্লেখ করেন, এর আগে হামলা বন্ধের ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারের পরিস্থিতি ঊর্ধ্বমুখী হয়েছে।
আপনার মতামত লিখুন :