Facebook Twitter Instagram YouTube

যুক্তরাজ্যে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০ জনের বেশি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ / ০
যুক্তরাজ্যে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০ জনের বেশি

যুক্তরাজ্যের লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনস্থলের বাইরে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে বিক্ষোভ করার দায়ে ৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বাহিনী এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

‘ডিফেন্ড আওয়ার জুরিস’ আয়োজিত এই বিক্ষোভে আড়াইশ জনেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। সম্মেলনকেন্দ্রের বাইরে তারা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করছিলেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ব্রিটিশ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাকের গায়ক রবার্ট ডেল নাজা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম। সন্ত্রাসবাদ আইনের আওতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লিভারপুল থেকে আল-জাজিরার প্রতিবেদক মিলেনা ভেসেলিনোভিচ জানিয়েছেন, লেবার পার্টির নতুন নেতা ও প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার বিষয়টি তুলে আনাই ছিল বিক্ষোভকারীদের মূল লক্ষ্য। এ সময় বিক্ষোভকারীরা পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গেও একটি রেস্তোরাঁয় মুখোমুখি হন। তারা প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে ঘোষণার দাবি জানান। তবে মিলিব্যান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিক্ষোভকারীদের একজন আল-জাজিরাকে বলেন, গাজার বর্তমান পরিস্থিতির তুলনায় এই গ্রেপ্তার কিছুই নয়, এটি মূলত মতপ্রকাশের অধিকারের লড়াই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী কেরি মসকোগিউরি এই গ্রেপ্তারকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘লজ্জাজনক আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে সন্ত্রাসবাদ আইনের অধীনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পর থেকেই যুক্তরাজ্যে সংগঠনটির সমর্থনে নাগরিক অবাধ্যতার আন্দোলন চলছে। এ পর্যন্ত ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ বিভিন্ন বিক্ষোভে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংগঠনটির আইনি লড়াই চলছে, যা এখন সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় আছে। পুলিশ জানিয়েছে, তারা আইনসম্মত বিক্ষোভের অধিকারকে সম্মান জানালেও জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy