Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ /
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর

বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিনি জানিয়েছেন, মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহেই বাংলাদেশ সফর করবে এবং বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবে।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন বিশেষ দূত। সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটিকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে, যা ওষুধ শিল্পসহ অন্যান্য খাতে একসঙ্গে কাজ করার মাধ্যমে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

মার্কিন দূত আরও জানান, পর্যটক এবং বিনিয়োগে আগ্রহী ব্যক্তিদের উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল অ্যাডভাইজরি শিথিল করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ৩০ জুলাই সার্জিও গর ঢাকা সফরে আসেন। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং ৩১ জুলাই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার সফর শেষ হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor