
ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ও অশ্লীল কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির শিকার সাজিদ আহমেদ মোল্লা সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত শুক্রবার রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার 'প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)' নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরীদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয়ে আলাপ করতে দেখা যায়। এই স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে সাজিদ আহমেদ মোল্লা জানান, ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য হলেও সেটি এক বছর আগের। তিনি দাবি করেন, আপত্তিকর কথাবার্তাগুলো তার খালাতো ভাইয়ের সঙ্গে হয়েছিল এবং যে উদ্দেশ্য নিয়ে স্ক্রিনশটগুলো ভাইরাল করা হয়েছে, তার সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। ছাত্রশক্তি থেকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, সংগঠন তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে যার কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তিনি মুঠোফোনে কল করে নিজের নিরাপত্তা চেয়েছেন। কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রক্টর।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :