
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনের পাশে অবস্থিত হাসান পোল্ট্রি ফার্মে রাতের অন্ধকারে অজানা বন্য প্রাণীর আক্রমণে প্রায় এক হাজার মুরগি মারা গেছে। খামারের মালিক মো. হাসান জানান, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় বন্য প্রাণীটি খামারের ভেতরে প্রবেশ করে এবং মুরগির ওপর আক্রমণ চালায়।
শনিবার সকালে খামারে গিয়ে মালিক শত শত মৃত মুরগি পড়ে থাকতে দেখেন। পরে গণনা করে দেখা যায়, প্রায় এক হাজার মুরগি মারা গেছে। খামার মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, তার খামারে বর্তমানে বিভিন্ন জাতের ১৮ থেকে ২০ হাজার মুরগি রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়ে খামার মালিক চরম দুশ্চিন্তায় পড়েছেন।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটিতে মাঝে মধ্যেই বন্য প্রাণীর বিচরণ দেখা যায়। খামার ও গবাদিপশু রক্ষায় স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :