Facebook Twitter Instagram YouTube

বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ /
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লুডু খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বাইগদা বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ছেলে নীরবের (১১) সঙ্গে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিনের (১২) লুডু খেলা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ইয়াছিনকে নীরব থাপ্পড় দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনার সময় হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে ইয়াছিনের মাথা ফেটে যায়।

এই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম. এম. রকীব উর রাজা জানান, এলাকায় পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin