Facebook Twitter Instagram YouTube

সাফ সভাপতি হিসেবে টানা পঞ্চমবার নির্বাচিত কাজী সালাউদ্দিন


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ /
সাফ সভাপতি হিসেবে টানা পঞ্চমবার নির্বাচিত কাজী সালাউদ্দিন

বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন আবারও দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চমবারের মতো এই পদে নির্বাচিত হন।

২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়ার পরের বছর, ২০০৯ সালে প্রথমবার সাফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। এরপর থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২০২৪ সালে বাফুফের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেও সাফের নেতৃত্বে তার অবস্থান অটুট ছিল।

সাফের গঠনতন্ত্রে আগে সভাপতির সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন এবং ৭০ বছরের বেশি বয়সীদের কমিটিতে থাকার ওপর বিধিনিষেধ ছিল। তবে গত বছর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই বাধাগুলো দূর করায় সালাউদ্দিনের পুনর্নির্বাচনের পথ সুগম হয়।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাফুফে বর্তমান কমিটি তাকে সমর্থন দেওয়ার মতো অবস্থায় ছিল না। ফলে এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সালাউদ্দিন নেপাল ও ভুটানের সমর্থন গ্রহণ করেন। প্রায় এক মাস আগেই মনোনয়ন জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হওয়ায় তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অনেকটা নিশ্চিত ছিল। শনিবারের কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়।

সাফের নতুন নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন। এদিকে সাফের একটি টুর্নামেন্টের ড্র আজ বিকেলে হওয়ার কথা থাকলেও নেপালের অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপেই তাদের পড়ার সম্ভাবনা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh