Facebook Twitter Instagram YouTube

পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের উসকানিমূলক মিছিল


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ২:২১ অপরাহ্ণ / ০
পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের উসকানিমূলক মিছিল

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস সংলগ্ন ফিলিস্তিনি গ্রাম তাল এবং সারার ভেতর দিয়ে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী উসকানিমূলক মিছিল করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের রাস্তা ব্যবহার করে এই মিছিল সম্পন্ন করে। স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানবাধিকার কর্মীরা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের এমন তৎপরতা বৃদ্ধিতে জননিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মিছিল চলাকালে তাল গ্রামের কাছে একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বসতি স্থাপনকারীরা মৃত ফিলিস্তিনিদের স্মরণে তৈরি স্মৃতিফলক ও পাথরের কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে। এই তাণ্ডবের প্রতিবাদ জানাতে গিয়ে স্থানীয় ফিলিস্তিনিরা বাধার মুখে পড়লে ইসরাইলি সেনারা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এর পাশাপাশি, ফিলিস্তিনিদের ১২০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। স্থানীয়দের অভিযোগ, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র গঠনের ঘোষণা বা নাকবার অন্তত ৪০ বছর আগে নির্মিত এই স্থাপনা ধ্বংস করার মাধ্যমে ফিলিস্তিনি ইতিহাস ও ঐতিহ্য মুছে ফেলার পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। এজে প্লাসের তথ্যানুসারে, এই ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনি সংস্কৃতির নিদর্শনের ওপর সরাসরি আঘাত।

এদিকে, গাজা উপত্যকায়ও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। শান্তি পরিকল্পনার আওতায় গাজাভিত্তিক হামাস অস্ত্র সমর্পণে রাজি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে। চিকিৎসকদের তথ্যমতে, মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে বিমান হামলায় একজন এবং গাজা শহরের সাবরা এলাকায় ড্রোন হামলায় আরেকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিম তীরের অন্যান্য স্থানেও সহিংসতার খবর পাওয়া গেছে। শুক্রবার ইসরাইলি পুলিশ ও সেনাদের সুরক্ষায় বসতি স্থাপনকারীরা আল-মুঘাইয়্যির গ্রামে হামলা চালালে ১০ বছর বয়সি এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এছাড়া নাবলুসের দক্ষিণে খাওয়ার্তা তল্লাশি চৌকির কাছে এক ফিলিস্তিনি পুরুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, নাবলুসে ইসরাইলি হামলায় আহত ২২ বছর বয়সি এক যুবককে তারা চিকিৎসা প্রদান করেছে। গত সপ্তাহে টেল গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহতের ঘটনার পর থেকে ওই এলাকায় নিয়মিত অভিযান ও গ্রেপ্তার চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh