
পাঁচ দিনের বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টা থেকে এই হামলা শুরু হয়। হামলায় দক্ষিণ ইরানের আবাদান, বন্দর আব্বাস, বুশেহর এবং কেশমসহ একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রয়টার্সের মাধ্যমে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে বুধবার মিসরের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানি ড্রোন হামলার অভিযোগ ওঠে। একই সময়ে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি যুক্তরাষ্ট্রের। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস, আবু মুসা, কিশ এবং কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান বুশেহর প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপের শহরের ভেতরে তিনটি বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে তারা দাবি করেছে, একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :