Facebook Twitter Instagram YouTube

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ /
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বা প্রায় ২৮ বিলিয়ন পাউন্ড ছাড়িয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মে মাসে দেওয়া সর্বশেষ সরকারি হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এই ব্যয়ের হিসাব দেওয়ার পাশাপাশি হেগসেথ নতুন করে ৮৭ বিলিয়ন ডলারের অতিরিক্ত বরাদ্দের আবেদন করেছেন।

সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে হেগসেথ জানান, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখা এবং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বজায় রাখার জন্য এই জরুরি বরাদ্দ প্রয়োজন। এর মধ্যে ৬৭ বিলিয়ন ডলার ব্যয় করা হবে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে। তিনি সতর্ক করে বলেন, এই অর্থ বরাদ্দ না পেলে সেনাসদস্যদের বেতন, অস্ত্র ও গোলাবারুদ মজুত এবং সামরিক কার্যক্রম পরিচালনায় গুরুতর সংকট তৈরি হবে। তার দাবি, এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে শক্তিশালী করবে এবং ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

শুনানিতে ডেমোক্র্যাটিক সিনেটর গ্যারি পিটার্স ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘অন্তহীন যুদ্ধের’ পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ আনেন, যা নিয়ে হেগসেথের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। এছাড়া নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড প্রশ্ন তোলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে যুদ্ধকে জয়ী বলে দাবি করেছেন, সেই যুদ্ধের জন্য কেন পুনরায় বিলিয়ন ডলার প্রয়োজন। কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য প্যাটি মারেও বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্যমতে, প্রকৃত ব্যয় সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে, কারণ ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণের মতো খরচগুলো বর্তমান হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। মে মাসের ১২ তারিখে পেন্টাগন জানিয়েছিল যুদ্ধের ব্যয় ছিল ২৯ বিলিয়ন ডলার, যা যুদ্ধের প্রথম সপ্তাহেই ছিল ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এদিকে, হোয়াইট হাউস থেকে ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ১৮ জন মার্কিন নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগন সম্প্রতি সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন, সার্জেন্ট অ্যাঞ্জেল র‍্যাম্পারসাড, প্রাইভেট ফার্স্ট ক্লাস ইসাবেলা গঞ্জালেস এবং ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার ফিহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহত সেনাদের শেষ শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ডেলাওয়ারের একটি বিমানঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy