Facebook Twitter Instagram YouTube

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ /
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে জানান, এই ভয়াবহ দুর্যোগে মোট ৫ হাজার ৬৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভুক্তভোগীদের বেশিরভাগই দেশটির উপকূলীয় অঞ্চলের বাসিন্দা।

ঘটনার সূত্রপাত গত ২৪ জুন, যখন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়।

ভূমিকম্পে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন যে, আহতদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে গৃহহীন হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ বর্তমানে জনাকীর্ণ বিভিন্ন ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছেন। অনেকগুলো ক্যাম্পেই পর্যাপ্ত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব রয়েছে বলে জানা গেছে।

পুনর্গঠন কাজের বিষয়ে দেলসি রদ্রিগেজ আরও জানান, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪ কোটি ৬০ লাখ ডলার তহবিল ব্যবহারের পরিকল্পনা করেছে। তবে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইএমএফ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh