
সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাস ব্যবহারের ওপর একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। তার উপস্থাপনার পরিপ্রেক্ষিতে দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এই ঘাসের কার্যকারিতা নিয়ে সভায় ঐকমত্য পোষণ করা হয়।
প্রকল্পগুলোতে বিন্না ঘাসের ব্যবহার নিশ্চিত করতে বিস্তারিত পর্যালোচনার জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিন্না ঘাস বিশ্বজুড়ে ভেটিভার ঘাস নামেও পরিচিত। এর বিশেষত্বের মধ্যে রয়েছে লম্বা মূল বা শিকড়, যা দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটিকে শক্তভাবে আটকে রাখতে সক্ষম। প্রতিকূল আবহাওয়া যেমন প্রচণ্ড ঠাণ্ডা বা তীব্র গরমেও এই ঘাস টিকে থাকতে পারে। এছাড়া লবণাক্ত পানি এবং দীর্ঘ সময় পানিতে ডুবে থাকলেও এটি পচে না, যা বাঁধের স্থায়িত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
আপনার মতামত লিখুন :