
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি বিশেষ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। এই প্রকল্পটি প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে এবং এর মাধ্যমে আগামী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি এন্ড এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে, যা থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে। এটি দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। এছাড়া এই প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহৃত হবে।
বৈঠকে উল্লেখ করা হয় যে, এই উদ্যোগগুলো বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন প্রশমন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। প্রকল্প দুটি দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পগুলোর বাস্তবায়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :