
ইয়েমেনের হোদেইদাহ ও মোখা শহরের মধ্যবর্তী লোহিত সাগর উপকূলীয় শহর আল-খোখা থেকে হুতি বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে ইয়েমেনি সরকারি বাহিনী যখন পালাতে শুরু করে, তখন সাঈদ হাসানের দুই ছেলে তড়িঘড়ি বাড়ি ফিরে তাঁকে বিষয়টি জানান। শুরুতে সাঈদ বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে ছেলেদের আশ্বস্ত করেছিলেন যে, হয়তো কৌশলগত কারণে সরকার সাময়িকভাবে সেনা সরিয়ে নিচ্ছে। কিন্তু ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ছেলেরা আবারও জানান যে বিপুলসংখ্যক সেনা নিজেদের অবস্থান ছেড়ে চলে যাচ্ছেন। পরিস্থিতি দেখতে গিয়ে সাঈদ হতবাক হয়ে যান। তিনি দেখেন, বিপুলসংখ্যক সেনা সামরিক সরঞ্জাম নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন। সেদিন সন্ধ্যায় সাঈদ বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন এবং তাঁর ভাই মোহাম্মদ ও তাঁর পরিবারকে সঙ্গে নেওয়ার জন্য রাজি করান। মোহাম্মদ শুরুতে খবরটি বিশ্বাস না করলেও, সাঈদের ছেলেরা বাইরে গিয়ে সেনাদের চলে যাওয়ার দৃশ্য ভিডিও করে দেখালে তিনি বিশ্বাস করেন।
২০১৮ সালে হোদেইদা বন্দরের কাছের গ্রাম থেকে বাস্তুচ্যুত হওয়ার পর আল-খোখা ছিল তাঁদের নতুন ঠিকানা। এবার যুদ্ধের কারণে আবারও তাঁদের ঘর ছাড়তে হচ্ছে। সাঈদ জানান, ঘর ছাড়ার সময় তাঁরা শুধু হাতে নেওয়া যায় এমন জিনিসপত্রই নিতে পেরেছিলেন। মোহাম্মদ ও তাঁর স্ত্রী কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু বিপুল পরিমাণ কাপড় সঙ্গে নেওয়া সম্ভব হয়নি। তাঁরা শুধু প্রয়োজনীয় কাগজপত্র, কিছু পোশাক ও হালকা জিনিসপত্র নেন। প্রথমে মোখায় এক রাত কাটিয়ে পরদিন ফিরে এসে বাকি জিনিস নেওয়ার পরিকল্পনা থাকলেও হুতিদের দ্রুত অগ্রগতির কারণে তা আর সম্ভব হয়নি। সাঈদ তাঁর স্ত্রী, দুই ছেলে, দুই পুত্রবধূ, মেয়ে ও নাতনিকে নিয়ে ছোট একটি পিকআপে রওনা হন। মোহাম্মদ তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে নিয়ে আরেকটি গাড়িতে ওঠেন এবং পথে পালিয়ে আসা তিন সেনাকেও গাড়িতে তুলে নেন।
পরিবার দুটি বাড়ি ছাড়ার সময় সঙ্গে কোনো খাওয়ার পানি নিতে পারেনি। পথে কোথাও পানি পাওয়া যাবে—এমন আশায় রওনা হলেও বেশিরভাগ মুদিদোকানই ছিল বন্ধ। যেগুলো খোলা ছিল, সেগুলোতে খাওয়ার পানি ছিল না। এর মধ্যেই মোহাম্মদের পিকআপের একটি টায়ার ফেটে গেলে বিপদ আরও বেড়ে যায়। বিস্ফোরণের শব্দ তীব্র হতে থাকায় সাঈদ ভাইয়ের জন্য অপেক্ষা না করে মোখার দিকে এগিয়ে যান। মোহাম্মদ জানান, টায়ার ফেটে গাড়িটি প্রায় উল্টে যাচ্ছিল এবং ক্ষতিগ্রস্ত টায়ারটি খুলে এমন একটি টায়ার লাগিয়েছিলেন যেটি আগে থেকেই নষ্ট ছিল। মোহাম্মদের সঙ্গে থাকা তিনজন বারবার তাঁকে দ্রুত গাড়ি চালাতে বলছিলেন, কারণ হুতিরা পেছন থেকে এগিয়ে আসছিল।
রাত প্রায় ১২টার দিকে সাঈদ মোখায় পৌঁছে দেখেন শহরটি প্রায় জনশূন্য। যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটা সেনাদের বহনকারী একের পর এক গাড়ি মোখায় না থেমে সরাসরি এডেনের দিকে যাচ্ছিল। সাঈদও সেই গাড়িগুলোর পিছু নেওয়ার সিদ্ধান্ত নেন। পথে তিনি দেখেন, রাস্তার দুই পাশে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত সেনাদের মরদেহ পড়ে আছে। পিছু হটা সেনাদের লক্ষ্য করে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র থেকে পরিবারটি অল্পের জন্য রক্ষা পায়। সাঈদ জানান, তিনি দেখেছেন সরকারি বাহিনীর সদস্যরা হুতিদের কাছে ধরা পড়ার ভয়ে সামরিক পোশাক খুলে ফেলছিলেন, অস্ত্র ফেলে দিচ্ছিলেন, কেউ আবার বালুর নিচে অস্ত্র পুঁতে রাখছিলেন। এমনকি একেবারে নতুন কামানও পড়ে থাকতে দেখেছেন, যেগুলো থেকে একটি গোলাও ছোড়া হয়নি।
ইয়েমেনের বাস্তুচ্যুত শিবির ব্যবস্থাপনা ও নথিভুক্তির দায়িত্বে থাকা সরকারি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন বা ২৯ হাজার ৫১৯ পরিবার বাস্তুচ্যুত হয়েছে। মোহাম্মদ দক্ষিণ দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় থুবাব এলাকা পেরিয়ে রাস আল-আরা ও দক্ষিণের প্রদেশগুলোর দিকে যাওয়ার পথে তাঁর গাড়ির বিকল্প টায়ারটিও নষ্ট হয়ে যায়। সারা রাত না ঘুমিয়ে, ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত মোহাম্মদ টায়ারটি কাঁধে নিয়ে মেরামতের দোকানের সন্ধানে হাঁটতে শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত তিনি পরিবারের কাছে ফিরতে পারেননি। দোকানপাট বন্ধ থাকায় পানি পাওয়া যাচ্ছিল না, অবশেষে এক ব্যক্তি গাড়ি থামিয়ে তাঁর দুই হাতের তালুতে সামান্য পানি ঢেলে দিয়ে চলে যান।
১০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাঈদ এডেনে পৌঁছান এবং সমাজকর্মীদের সহায়তায় বাস্তুচ্যুত মানুষদের জন্য তৈরি একটি অস্থায়ী স্কুলক্যাম্পে আশ্রয় নেন। মোহাম্মদ পরদিন এডেনে পৌঁছান। পথে এক সেনা তাঁদের পানি দেন। তিনি দেখেন, অনেক সেনা ৫০০ সৌদি রিয়ালে রাইফেল বিক্রি করার চেষ্টা করছেন, কেউ আবার সেগুলো ফেলে দিচ্ছেন। দুই ভাইয়ের ভাষায়, পুরো যাত্রাই ছিল এক অলৌকিক অভিজ্ঞতার। তাঁদের গাড়িতে জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল, তবু আল-খোখা থেকে এডেন পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার পথ একবারও জ্বালানি না নিয়েই গাড়িটি পাড়ি দেয়।
১২ সেপ্টেম্বর সাঈদ ও মোহাম্মদ সপরিবার এডেনের পূর্বে একটি তল্লাশিচৌকি পার হয়ে আবইয়ান প্রদেশের লাওদারে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। জ্বালানি না থাকায় সেখানে দুই দিন অপেক্ষা করার পর ১৪ সেপ্টেম্বর আবার মুকাল্লার উদ্দেশে রওনা হন। শাবওয়া প্রদেশের হুরা এলাকায় সাঈদের গাড়ি নষ্ট হয়ে গেলে স্থানীয় এক মিস্ত্রিকে ঘুম থেকে তুলে এনে মেরামত করান। শেষ পর্যন্ত ১৬ সেপ্টেম্বর মুকাল্লার পশ্চিম প্রান্তে পৌঁছান দুই ভাই ও তাঁদের পরিবার। বাড়ি ছাড়ার এক সপ্তাহ পর তাঁরা গন্তব্যে পৌঁছান। এখন তাঁরা মুকাল্লায় তিন কক্ষের একটি বাসা ভাড়া নিয়েছেন, যার মাসিক ভাড়া ৪০০ সৌদি রিয়াল। জামানত হিসেবে ৪০০ রিয়াল এবং দালালকে ২০০ রিয়াল দিতে হয়েছে। দুই সপ্তাহেও কোনো কাজ না পাওয়ায় তাঁদের সঞ্চয় ফুরিয়ে আসছে। মোহাম্মদ জানান, তিনি দিনমজুর হিসেবে মৌচাকের কাজ, খেজুরগাছে ওঠা বা পাথর বহনের মতো যেকোনো কাজ করতে প্রস্তুত। মোহাম্মদের স্ত্রী ফাতিমা জানান, কাপড় ব্যবসায়ীদের কাছে তাঁর ১ কোটি ২০ লাখ ইয়েমেনি রিয়াল ঋণ রয়েছে, যা শোধ করার আগে তিনি মরতে চান না। মুকাল্লায় সরকারি বাস্তুচ্যুত ব্যবস্থাপনা ইউনিটের প্রধান মোহাম্মদ আওয়াদ জানান, অনেকেই শুধু পরনের কাপড় নিয়ে পৌঁছেছেন এবং তাঁদের জন্য শিবির স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁদের ভয় ছিল, হুতিদের বাহিনী পেছন থেকে এগিয়ে এসে তাঁদের ধরে ফেলতে পারে।.তাইজে তুমুল লড়াই, ২৪ ঘণ্টায় ১,৫৪০ হুতি সেনা হতাহতের দাবি ইয়েমেন সেনাবাহিনীর.রাত প্রায় ১২টার দিকে সাঈদ মোখায় পৌঁছে দেখেন, পুরো শহর প্রায় জনশূন্য।
আপনার মতামত লিখুন :