Facebook Twitter Instagram YouTube

জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল, নতুন কার্যালয়ের উদ্বোধন করল সম্মিলিত ইসলামী ঐক্যজোট


Md. Zubaer Hossain প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ /
জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল, নতুন কার্যালয়ের উদ্বোধন করল সম্মিলিত ইসলামী ঐক্যজোট

 

 

নিজস্ব প্রতিবেদক | হ্যালো নরসিংদী

 

জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে রাজধানীর পল্টনে দোয়া মাহফিলের আয়োজন করেছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট।

 

শনিবার (৪ জুলাই) বিকেলে সংগঠনের পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন। দোয়া মাহফিলে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে হত্যা, গুম, মামলা ও দমন-পীড়নের অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে।

 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অর্জন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের সম্মিলিত অবদানের ফল। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটকে পৃথকভাবে মূল্যায়নের আহ্বান জানান।

 

সভাপতি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান এবং আহতদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা হারিছুল হক, বাংলাদেশ জনসেবা দলের চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম, জাতীয় ইমাম পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আজম খান, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মুভমেন্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, নেজামে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি আবুল হাসানাত তামিম কাসেমী, নেজামে ইসলাম বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাওলানা এরশাদ উল্লাহ, পাক্ষিক সবার খবর-এর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, দৈনিক খবর পত্র-এর সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসাইন আকন্দ, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের দপ্তর সম্পাদক মোহাম্মদ শামীম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক আলী ইমামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।