
ঢাকার অদূরে সাভারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত একটি ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) একটি প্রতিনিধিদল। মঙ্গলবার এই আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ও এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। প্রতিনিধিদলের সদস্যরা মনে করেন, কৃষক পর্যায়ে এমন স্বল্প পরিসরের সংরক্ষণব্যবস্থা কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।
পরিদর্শনকালে ইউএসডিএর দক্ষিণ এশিয়ার অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইনস্পেকশন সার্ভিসেসের পরিচালক ড. ক্যাথরিন ফিডলার, ঢাকা দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট এবং ইউএসডিএর অ্যাগ্রিকালচারাল স্পেশালিস্ট মো. তানভির আহমেদ উপস্থিত ছিলেন। তারা কোল্ডস্টোরেজের ভেতরে প্লাস্টিকের ক্রেটে সংরক্ষিত আম, লাউ, পেঁপে ও কাঁচা মরিচসহ বিভিন্ন ফল ও সবজি ঘুরে দেখেন। এ সময় তারা পণ্যের স্থায়িত্ব, তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি এবং সংরক্ষণের সময়কাল সম্পর্কে বিস্তারিত জানতে চান। ড. ক্যাথরিন ফিডলার নিজের হাতে একটি লাউ তুলে নেন এবং এরিন কোভার্ট একটি পেঁপে পরীক্ষা করে দেখেন।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রযুক্তির মাধ্যমে সংরক্ষিত ফল ও সবজি এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সতেজ রাখা সম্ভব। সংরক্ষণের পরও পণ্যের গুণগত মান, সতেজতা ও রং প্রায় অপরিবর্তিত থাকায় প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন। প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর প্রতিনিধিদলের কাছে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষকদের জন্য এর সুফল তুলে ধরেন। তিনি বলেন, কৃষিপণ্য দ্রুত নষ্ট হওয়ার যে সমস্যা রয়েছে, এই মিনি কোল্ডস্টোরেজ তা কমিয়ে কৃষককে সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ করে দিচ্ছে।
প্রকল্প পরিচালক জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সংরক্ষণ প্রযুক্তি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে এ খাতে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন। তারা মাঠ পর্যায়ে এই প্রযুক্তি দেখার পর কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার আগ্রহের কথাও জানান। ক্ষুদ্র কৃষকদের জন্য স্বল্প ব্যয়ের এই সংরক্ষণব্যবস্থা সংগ্রহ-পরবর্তী ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিনিধিদল অভিমত ব্যক্ত করেছেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে ১৪৭টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করেছে।
আপনার মতামত লিখুন :