
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টা ২৭ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রায় ১০ কিলোমিটার গভীরতার এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন স্থানে ভবন ও ব্রিজ ধসে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কাশিমা শহরের একটি এইওন শপিং মলের একাংশ ধসে পড়ায় বহু মানুষ ভেতরে আটকা পড়েছেন এবং বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ।
সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের ফুটেজে দেখা গেছে, প্রায় ২০০টি দোকানবিশিষ্ট শপিং মলটির এক পাশ বিধ্বস্ত হয়ে গেছে এবং বিশাল পার্কিং লট জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। মল পরিচালনাকারী প্রতিষ্ঠান এইওনের একজন মুখপাত্র জানান, ভূমিকম্পের পরপরই হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং মলের দ্বিতীয় তলা ধসে পড়ে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ক্রেতা ও কর্মচারীদের সরিয়ে নেওয়া হলেও এখনো প্রায় ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। এছাড়া আরও অনেক ক্রেতা ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মল থেকে ৩০০ মিটার দূরে থাকা এক প্রত্যক্ষদর্শীও বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন, যদিও এর সঠিক কারণ এখনও অস্পষ্ট।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতায় বিভিন্ন স্থানে ভবন ধসে পড়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাস্তাঘাট ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হচ্ছে বলে জানান। স্থানীয় হাসপাতালগুলোতে ইতিমধ্যে ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ড, বিভিন্ন সড়কে ফাটল এবং একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :