
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
বিএনপির নেতাকর্মীদের দাবি, একটি নির্দিষ্ট দলের ফেসবুক আইডি থেকে এই ভিডিওটি প্রচার করা হচ্ছে। তারা অভিযোগ করেন যে, গত মঙ্গলবার জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের পেজ থেকে এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়। মূলত দু-একটি স্থির ছবি ব্যবহার করে এই প্রচারণা শুরু হয়েছে বলে তারা জানান।
বিএনপি নেতাকর্মীরা ধারণা করছেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার পাল্টা হিসেবে ফরহাদ হোসেন আজাদকে টার্গেট করা হয়েছে। গত ২০ জুলাই প্রকাশিত ওই ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল, যার জেরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই ঘটনায় ইমেজ সংকটে পড়া জামায়াত নেতাকর্মীরা এবার ফরহাদ হোসেন আজাদকে লক্ষ্যবস্তু বানিয়েছেন বলে বিএনপি নেতাদের ভাষ্য।
ভাইরাল হওয়া ভিডিওতে একজন নারীর ছবি দেখা গেলেও তার মুখমন্ডল অস্পষ্ট। স্থানীয় পর্যায়ে ফ্যাক্ট চেকের মাধ্যমেও ভিডিওটির সত্যতা পাওয়া যায়নি। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ইসমাইল হোসেন বলেন, ফরহাদ হোসেন আজাদ তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদলের সোনালী অতীতের নেতা। তার রাজনীতিকে কলঙ্কিত করতেই একটি চিহ্নিত মহল সক্রিয় হয়েছে।
এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, ভাইরাল হওয়া পোস্টের ছবিটি একটি কোলাজধর্মী ছবি। এতে একটি আপত্তিকর দৃশ্যের সঙ্গে প্রতিমন্ত্রীর প্রতিকৃতি সংযুক্ত করা হয়েছে। ছবিটিতে আলো-ছায়া, মুখাবয়ব, শরীরের অনুপাত এবং ডিজিটাল সম্পাদনার বিভিন্ন অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা উন্নত সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের ছবি তৈরি করা সম্ভব।
আপনার মতামত লিখুন :