
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশের প্রথম স্থান অর্জন করেছেন জাহাঙ্গীর আলম শান্ত। ফল প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষাঙ্গনে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেন।
রোববার বিকেল পৌনে ৫টায় মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর মোট পাসের হার ছিল ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
জানা গেছে, মেধাবী এই শিক্ষার্থীর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তিনি নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি অর্জন করেন গোল্ডেন জিপিএ-৫।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাহাঙ্গীর আলম শান্ত নিজের মেধা ও সক্ষমতার প্রমাণ দিয়েছেন। নরসিংদীর সন্তান হিসেবে তার এই কৃতিত্ব জেলা তথা দেশের জন্য গর্বের।
আপনার মতামত লিখুন :