Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবের কাছে গুলিবর্ষণে নিহত ২, আহত ৫


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ /
যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবের কাছে গুলিবর্ষণে নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে অবস্থিত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের তথ্যের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ এই গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ধারণা অনুযায়ী, এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে। তবে হামলাকারীদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। তারা জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঘটনাস্থলেই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু রয়েছে, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে একজন সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অগ্নিনির্বাপক বিভাগ আহতদের আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

ঘটনার সময় সিয়াটল সেন্টারে 'বাইট অফ সিয়াটল' নামের একটি খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এই উৎসবে শত শত বিক্রেতা অংশ নিয়েছিলেন এবং সেখানে গানবাজনারও আয়োজন ছিল। সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সিয়াটল সেন্টারে গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo