Facebook Twitter Instagram YouTube

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে তালা দিয়ে আগুন, নিহত শিশু


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ১:৪০ অপরাহ্ণ /
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে  তালা দিয়ে আগুন, নিহত শিশু

নিউজ ডেক্স:

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরে নৃশংস অগ্নিসংযোগ: পুড়ে মারা গেল ৭ বছরের শিশু, গুরুতর আহত তিনজন

 

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতার বসতঘরে নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় ৭ বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরও দুই শিশুকন্যা। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম আয়েশা। সে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের মেয়ে। অগ্নিদগ্ধ অপর দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় থাকায় পরিবারের সদস্যরা বের হতে না পারায় হতাহতের ঘটনা ঘটে।

 

আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আয়েশা। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা বিথি ও স্মৃতি। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পরামর্শে দুই শিশুকন্যাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তাদের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে।

 

এ নৃশংস ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এটিকে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস বলে অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে পরিকল্পিত ও নির্মম হামলা হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত হামলা নাকি অন্য কোনো নাশকতা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

 

এদিকে শিশুর মর্মান্তিক মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক ও মানবাধিকার মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জানিয়েছেন।