
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদ। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশের আরও কয়েকজন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য এক প্রজ্ঞাপনে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। ২০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবদুল মাবুদ চলতি বছরের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার আগে দীর্ঘ প্রায় দেড় দশক তার পদোন্নতি আটকে ছিল।
আপনার মতামত লিখুন :