
খুলনা মহানগরে উদ্বেগজনক হারে বাড়তে থাকা ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দ্রুত নিশ্চিত করার লক্ষ্যে দুই ধাপের একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ওষুধ ও কীটনাশক সরবরাহ করা হবে। একই সাথে স্থানীয়দের সম্পৃক্ত করে জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় স্কুল-কলেজে রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
আক্রান্ত রোগীদের জন্য জরুরি প্রয়োজনে বাড়িতে চিকিৎসকের পরামর্শ, ওষুধ সরবরাহ এবং সার্বক্ষণিক খোঁজ রাখার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় অন্তত ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র এবং জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী বড় ওয়ার্ডগুলোতে ২০ শয্যার সেবাকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় সরঞ্জাম ও রক্তের গ্রুপ ম্যাচিং সুবিধা থাকবে। এছাড়া ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর টাঙানো এবং স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মেডিক্যাল পর্ষদে চিকিৎসাসেবা সমন্বয় করবেন ডা. রফিকুল ইসলাম বাবলু এবং প্রতিরোধ ব্যবস্থা সমন্বয় করবেন মো. মাসুদ পারভেজ বাবু। সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। কমিটির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।
সংবাদ সম্মেলনে এড. শফিকুল আলম মনা বলেন, ২০০১ সালের করোনা মহামারির সময়ও খুলনা মহানগর বিএনপি ভেন্টিলেশন, অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসাসেবা ও খাদ্য সহায়তা দিয়ে নগরবাসীর পাশে দাঁড়িয়েছিল। এবারও যেকোনো মানবিক সংকটে জনগণের পাশে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত। সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ড্যাবের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :