Facebook Twitter Instagram YouTube

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ /
জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়াশোনা করছ, তাদের নিয়ে আমি গর্বিত। ভবিষ্যতে লালমনিরহাটকে তোমরাই নেতৃত্ব দেবে। এজন্য নিজেদের যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া ভাওয়াইয়া গান ও রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নিজেদের সংস্কৃতি নিয়ে সংকোচ না করে বরং তা গর্বের সঙ্গে সবার সামনে তুলে ধরতে হবে।

পরিবহন ও আবাসন সমস্যার বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের সময় লালমনিরহাটের শিক্ষার্থীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, সেজন্য পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া নারী শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে তিনি জানান, ট্রেনটি বুড়িমারী পর্যন্ত নিতে নতুন ইঞ্জিন ও কোচ প্রয়োজন। এ লক্ষ্যে নতুন টেন্ডার হয়েছে এবং বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।

লালমনিরহাটকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তোমরা আমার কাছে যেকোনো প্রয়োজনে আসতে পারো, আমার দরজা সবসময় খোলা।

লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম (আকাশ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং লালমনিরহাট জেলা প্রশাসক এ কে এম মমিনুল হক।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh