Facebook Twitter Instagram YouTube

একাদশ শ্রেণিতে ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
একাদশ শ্রেণিতে ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ

শিক্ষা মন্ত্রণালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই নীতিমালায় ভর্তি ফি, সময়সূচি এবং কোটা পদ্ধতিসহ বিস্তারিত নির্দেশনাবলী তুলে ধরা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণিতে সেশন চার্জ ও ভর্তি ফি সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না; কেবল এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তির সময়সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। এরপর ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর ১৯ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এবং ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নে যাদের ফলাফল পরিবর্তিত হবে, তাদের জন্য আবেদনের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এই শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন ও পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন।

কোটা সংক্রান্ত নির্দেশনায় জানানো হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। এই কোটা পদ্ধতি শুধুমাত্র ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্যই কার্যকর হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor