Facebook Twitter Instagram YouTube

সরকারি অফিসের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ /
সরকারি অফিসের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট

সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইন বহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে রুলসহ এ আদেশ প্রদান করেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেছিলেন আইনজীবী শরিফ সরকার এবং রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানিতে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের চেয়ার বা টেবিলের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন করার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী পতাকা ব্যবহারের যে নিয়ম রয়েছে, তা এই প্রদর্শনের ক্ষেত্রে মানা হচ্ছে না। বিশেষ করে সচিবালয়ের অধীনস্থ দপ্তর, বিভিন্ন কর্পোরেশন ও কর্তৃপক্ষের কর্মকর্তারা তাদের চেয়ারের পেছনে পতাকা ব্যবহার করছেন, যা আইনের সুযোগ নেই।

আইনজীবী সানজিদ সিদ্দিকী আরও ব্যাখ্যা করেন, জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী ১৫ ধরনের ব্যক্তি তাদের দপ্তর, বাসস্থান ও গাড়িতে পতাকা ব্যবহারের অনুমতি পান। এছাড়া কোনো ভবনে পতাকা প্রদর্শনের ক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়সীমা এবং পতাকার ফ্রি-ফ্লোটিং বা উড্ডয়নশীল অবস্থা নিশ্চিত করতে হয়। অথচ বর্তমান প্রদর্শনীগুলোতে পতাকাকে বাঁকিয়ে বা কার্ভ করে চেয়ারের পেছনে রাখা হচ্ছে, যা পতাকার অবমাননার শামিল।

এ বিষয়ে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, পতাকার এই ধরনের ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না। একইসঙ্গে, মন্ত্রিপরিষদ সচিবকে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে একজন জুডিশিয়াল অফিসার, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে রাখতে বলা হয়েছে। সরকারি অফিসগুলোতে জাতীয় পতাকার বর্তমান ব্যবহারের ধরন বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করে কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh