
সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ একই পরিবারের তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে নিজস্ব প্রাইভেট কারে করে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হয়েছিলেন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রিয়াদ-মক্কা মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের স্ত্রী তানিয়া, ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা মারা যান। তবে এই দুর্ঘটনায় শফিকুল ইসলাম এবং তাদের বড় ছেলে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে মক্কা যাওয়ার পথেই এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে, যেখানে তার বোন ও দুই ভাগনে-ভাগনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
আপনার মতামত লিখুন :