
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রয়োগ করে এই অভিযানগুলো চালানো হয়।
অভিযানের বিস্তারিত তথ্যে দেখা যায়, গত ২২ আগস্ট ৪টি প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়ায় ৪টি মামলা দায়ের এবং ৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে আইন লঙ্ঘনের দায়ে ৩টি মামলার পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও বিএফএসএ-এর মোবাইল কোর্ট সক্রিয় ছিল। পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে ১৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫টি মামলা দায়ের ও ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া গত ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সামারি ট্রায়ালে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কেবল আইন প্রয়োগের বিষয় নয়, বরং এটি জনস্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার সাথে সরাসরি সম্পৃক্ত। তিনি জানান, আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি খাদ্য ব্যবসায়ী ও উৎপাদকদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা, নিয়মিত মনিটরিং, গবেষণা এবং জনসচেতনতা কার্যক্রমকে সংস্থাটি সমান গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে জনগণের নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে এই কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :