Facebook Twitter Instagram YouTube

তামান্নার সঙ্গে বাগদান সারলেন ‘কার্তিক’ খ্যাত অভিনেতা মহসিন


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ /
তামান্নার সঙ্গে বাগদান সারলেন ‘কার্তিক’ খ্যাত অভিনেতা মহসিন

ভারতীয় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ মহসিন খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ‘কার্তিক’ চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বাগদানের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। তামান্না নামের এক তরুণীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি।

বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মহসিন তার জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন। ছবিতে এই জুটিকে ভিন্ন দুটি পোশাকে দেখা গেছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী ও আবেগপ্রবণ মেয়েটি—যে সারাক্ষণ হাসছে, খুনসুটি করছে, আশায় ও প্রার্থনায় বাঁচছে এবং নাচে-গানে মাতিয়ে রাখছে—সে যেন আমার জন্যই ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।’

তামান্নার সঙ্গে প্রথম পরিচয় থেকে শুরু করে সম্পর্কের নানা মিষ্টি মুহূর্তের কথা স্মরণ করে মহসিন বলেন, ‘প্রথম যখন আমরা একে অপরকে দেখি, প্রথম যখন তোমার হাত ধরি, তারপর থেকে তোমার প্রথম "হম তো ভাই জ্যায়সে হ্যায় ওয়্যাসে রহেঙ্গে" গান গাওয়া পর্যন্ত—আমি জানতাম আমার ভেতরে কিছু একটা স্থায়ী জায়গা করে নিয়েছে। আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি।’ তাদের এই ভালোবাসার গল্প তারায়-তারায় আগে থেকেই লেখা ছিল বলে বিশ্বাস করেন অভিনেতা।

নতুন জীবনের সূচনা নিয়ে মহসিন আরও লিখেছেন, একসঙ্গে পথচলা, ভালোবাসা, বন্ধুত্ব ও প্রচুর স্মৃতি জমানোর সুন্দর এক সফর শুরু হলো। একে অপরের মাঝে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়াই তাদের সব প্রতিশ্রুতি ও স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় বলে মনে করেন তিনি। অভিনেতার এই সুখবরে দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায় ও শ্রদ্ধা আর্যসহ বিনোদন জগতের অনেকেই নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন। তবে বাগদান সম্পন্ন হলেও সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা কবে হবে, সে বিষয়ে মহসিন এখনও কোনো ঘোষণা দেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh