
গাজীপুর মহানগরীর গাছা থানার ভূষির মিল এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে ওই এলাকার আব্দুল গনি রোডে অবস্থিত ‘সাদিয়া জুয়েলার্স’ নামের দোকানটি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আজাদ ওই জুয়েলারি দোকানের মালিক ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরেই ঘুমিয়েছিলেন আবুল কালাম আজাদ। সাধারণত প্রতিদিন সকাল ৯টার মধ্যেই তিনি দোকান খুলে বেচাকেনা শুরু করতেন। তবে রোববার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দোকান বন্ধ থাকতে দেখে আশপাশের ব্যবসায়ীদের মনে সন্দেহের দানা বাঁধে। এরপর দোকানের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পাশের এক দোকানদার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। নিহত আবুল কালাম আজাদের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :