Facebook Twitter Instagram YouTube

ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন অভিনেত্রী জাহ্নবী কাপুর


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ণ /
ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের শরণাপন্ন অভিনেত্রী জাহ্নবী কাপুর

ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন এই অভিনেত্রী।

মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবীর করা মামলায় প্রায় সাত হাজার লিংকের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। আদালত এসব বিকৃত ও স্পর্শকাতর কনটেন্টকে সাধারণ ভক্তদের পরিচালিত পেজ থেকে আলাদাভাবে বিবেচনার ওপর গুরুত্ব দিয়েছেন।

আদালত পর্যবেক্ষণে জানিয়েছেন, কোনো তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজকে স্বয়ংক্রিয়ভাবে বেআইনি বলা যায় না। এসব পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে, তাই শুধু নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়। তবে কোনো পেজে অশালীন কনটেন্ট প্রচার করা হলে কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আদালত।

উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা ‘পেড্ডি’-তে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন রাম চরণ ও শিবরাজ কুমার।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh