
যুক্তরাষ্ট্রের চালানো ‘অর্থনৈতিক যুদ্ধে’ যেসব দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে, তেহরান তাদের নিজেদের শত্রু হিসেবে গণ্য করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মোহসেন রেজাই এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে এই অর্থনৈতিক যুদ্ধে অংশ নেয়, তবে তেহরান পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা তেলও’ পার হতে দেবে না।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইরান তার কূটনৈতিক আচরণ ও যুদ্ধকৌশলে পরিবর্তন আনবে বলে জানান মোহসেন রেজাই। তাঁর দাবি, সামরিক হামলায় সুবিধা করতে না পেরে ওয়াশিংটন এখন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এর আগে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল তেহরান। বর্তমানে দুই দেশের মধ্যকার আলোচনা স্থগিত রয়েছে। তবে গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন যে, গত ছয় মাসের বিরোধের অবসান ঘটানোর সময় এসেছে।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং অন্যান্য দেশকেও তেহরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব তুলে ধরে রেজাই বলেন, ইরানের ওপর মার্কিন বৈরিতা ও চাপের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে। অনেক দেশই এখন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পরমাণু অস্ত্র লাভ করাই একমাত্র উপায়।
ইরানের এই নীতিনির্ধারক আরও উল্লেখ করেন, তেহরান যখন পরমাণু অস্ত্রের বিস্তার রোধ চুক্তি (এনপিটি) বা নিউক্লিয়ার নন-প্রলিফারেশন ট্রিটির সদস্য হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাথে নিবিড়ভাবে সহযোগিতা করছিল, ঠিক তখনই দেশটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর ফলে বিশ্বজুড়ে এমন একটি বার্তা গেছে যে, এনপিটি বা আইএইএ-এর সদস্যপদ কোনো দেশের কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এই ধারণাই বিভিন্ন দেশকে পরমাণু অস্ত্র অর্জনের দিকে ধাবিত করছে। সাক্ষাৎকারে হরমুজ প্রণালি নিয়ে পুনরায় সতর্ক করে রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধে কোনো দেশ শরিক হলে তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেল পরিবহণ বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
আপনার মতামত লিখুন :